ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক গুলিবিদ্ধ ও অন্তত আটজন আহত হয়েছেন। নগরের কান্দিরপাড় কলেজ রোডে গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়।আহত এনামুল হককে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই ঘটনার জন্য ছাত্রদলের উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শী, ছাত্রদল ও পুলিশ সূত্র জানায়, ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে সহযোগিতার নামে ছাত্রদলের দুটি পক্ষ কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে চেয়ার-টেবিল নিয়ে কয়েক দিন ধরে বসছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের অনুসারী কলেজ ছাত্রদলের সদস্য বাহার উদ্দিনকে গতকাল মারধর করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারী শহর ছাত্রদলের সদস্য জনি পাটোয়ারী। খবর পেয়ে ছাত্রদলের উভয় পক্ষের জেলা, শহর ও কলেজ শাখার নেতা-কর্মীরা কলেজ রোডে এসে পাল্টাপাল্টি মিছিল করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক এনামুল হকের মাথায় এবং যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের হাঁটু ও পিঠে গুলি লাগে। এ সময় পুলিশ সংঘর্ষ ঠেকাতে লাঠিপেটা করে। এতে আহত হন শহর ছাত্রদলের একাংশের যুগ্ম আহ্বায়ক রোমান হাসান, সদস্য দিদার হোসেন ও রিয়াজ হোসেন, ছাত্রদলের কর্মী সোলায়মান, নীরব ও সাইফুদ্দিন। সিটি মেয়রের অনুসারী জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির বলেন, ‘বহিরাগতদের নিয়ে ছাত্রদলের একটি পক্ষ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়।’অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অনুসারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘প্রতিপক্ষের গুলিতে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আহত হন। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের কাছে আবেদন করব এবং আইনি পদক্ষেপ নেব।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। কে বা কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ভর্তি কার্যক্রম অনলাইনে হয়ে থাকে। এ ক্ষেত্রে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। ছাত্রদলের বিবদমান দুই পক্ষের ঝামেলা কলেজ ক্যাম্পাসের বাইরে হয়েছে।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।