ভিক্ষা ছাড়ার অঙ্গীকার করলেন ১২০ জন
ঝিনাইদহ সদরের ছয়টি ইউনিয়নের ১২০ জন ভিক্ষুকের মাঝে গতকাল বুধবার বিভিন্ন উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাঁরা ভিক্ষাবৃত্তি ছাড়ার অঙ্গীকার করেন।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, নারী ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ আবদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম
রায়হান প্রমুখ।
পরে সদর উপজেলার পোড়াহাটি, কুমড়াবাড়ীয়া, মহারাজপুর, কালিচরণপুর, পাগলা কানাই ও নলডাঙ্গা ইউনিয়নের ১২০ জন ভিক্ষুকের মাঝে ছাগল, মুরগি, ওজন মাপার মেশিন ও ব্যবসা শুরুর জন্য মূলধন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকরণ পাওয়া ভিক্ষুকেরা বলেন, এসব উপকরণ তাঁদের ভিক্ষাবৃত্তি ছাড়তে সহায়তা করবে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা যেন মাঝেমধ্যে তাঁদের খোঁজখবর রাখেন। সেটা হলে তাঁদের এ অসম্মানজনক এ পেশা ছাড়া সহজ হবে।