ভিক্ষা ছেড়ে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন তিনি। তবে নির্বাচন এলেই ভিক্ষা ছেড়ে দেন মানুষটি। তখন কণ্ঠ ব্যবহার করে রোজগার করেন। দৈনিক মজুরির বিনিময়ে মাইকিং করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের হয়ে। মানুষটির নাম মমিনুর রহমান (৩৬)। নীলফামারীর জলঢাকা পৌরসভার বাসিন্দা তিনি।
এবারও পৌরসভা নির্বাচন আসামাত্রই ভিক্ষা ছেড়ে দিয়েছেন মমিনুর। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখা গেল, ইজিবাইকে চড়ে এবারের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেনের হয়ে মাইকিং করছেন। এ সময় কথা হয় মমিনুরের সঙ্গে। তিনি বলেন, জন্ম থেকেই তিনি অন্ধ। চোখে দেখেন না বলে কোনো কাজকর্মও করতে পারেন না। পৌরসভার বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় থাকেন। বাস টার্মিনাল এলাকায় সারা দিন ভিক্ষা করে যা পান, তা দিয়েই কোনোরকমে সংসার চালান। ভিক্ষা করতে পছন্দ করেন না বলে জানান মানুষটি। তবে আর কোনো কাজ না জানায় এবং চোখে না দেখায় বাধ্য হয়ে ভিক্ষা করেন। তাই নির্বাচন এলেই সুযোগ পাওয়া মাত্রই ভিক্ষা ছেড়ে মাইকিং করে রোজগারে নেমে পড়েন তিনি।
মমিনুর আরও বলেন, বাড়িতে তাঁর স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাঁর আয়েই সংসার চলে। জন্মান্ধ হওয়ায় তিনি লেখাপড়াও শিখতে পারেননি, তবে একবার কেউ বলে দিলে মুখস্থ করতে পারেন। এ জন্য মাইকিং করতে তাঁর কোনো অসুবিধা হয় না। এ ছাড়া ভিক্ষা করে তাঁর দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। মাইকিং করলে প্রার্থীরা তিন বেলা খাওয়া দেন। তা ছাড়া দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা দেন।
ইজিবাইকচালক বাবুল হোসেন বলেন, অন্যদের চেয়ে মমিনুর ভালো মাইকিং করতে পারেন। এ জন্য নির্বাচনে এলেই তাঁর ডাক পড়ে আগে। একবার বলে দিলে তাঁকে আর বলতে হয় না।
মেয়র প্রার্থী ইলিয়াস হোসেনের প্রচারকর্মী মাসুদ রানা বলেন, মমিনুর মূলত ভিক্ষা করেন। তবে নির্বাচন এলে মাইকিং করে থাকেন। লেখাপড়া না জানলেও তাঁর মেধা আছে। অল্পতেই পরিস্থিতি বুঝিয়ে বলা যায়।
বাসচালক আফাজ উদ্দিন বলেন, মমিনুর অন্য কাজ করতে পারেন না বলে মানুষের সাহায্য-সহযোগিতায় সংসার চালান। এখন প্রচারণার কাজ পাওয়ায় মানুষের কাছে হাত পাতছেন না। নির্বাচন শেষ হলে আবার হয়তো তিনি ভিক্ষা করতেই বাধ্য হবেন।