ভিক্ষা ছেড়ে এক হাতে রিকশার হাতল

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে কয়েকটি রিকশার জটলা। একটিতে চেপে চালককে দ্রুত চালাতে অনুরোধ করলেন এক আরোহী। চালক প্যাডেল ঘোরাতেই তিনি আঁতকে উঠে রিকশা থেকে লাফিয়ে নেমে পড়লেন। নেমেই জিজ্ঞেস করলেন, ‘এক হাতে রিকশা চালান কীভাবে?’ জবাব শোনার অপেক্ষা না করে রিকশার আসনের ওপর একটি পাঁচ টাকার নোট ফেলে দিয়ে তড়িঘড়ি চলে যান তিনি।
রিকশাচালকের নাম সন্তোষ বর্মণ (২৯)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সিংগিয়া গ্রামের বাসিন্দা। সাত-আট বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হলে ডান হাতের কনুইয়ের ওপর পর্যন্ত কেটে ফেলতে হয়। এর পর থেকেই ভিক্ষাবৃত্তি শুরু করেন। এক দোকানির অপমান সইতে না পেরে ভিক্ষা ছেড়ে কাজ খুঁজতে শুরু করেন সন্তোষ। উপায়ান্তর না দেখে এক হাতেই রিকশা চালানো শুরু করেন। এভাবেই কেটে গেছে ১২টি বছর। এক হাতে রিকশা চালাতে গিয়ে হঠাৎ সামনে যানবাহন চলে এলে অনেক সময় নাকাল হতে হয় তাঁকে। তখন সামনে ঝুঁকে বুক দিয়ে রিকশার ডান হাতলটি ঠেলে ধরে সামাল দেন। এভাবে সামাল দিতে গিয়ে হাতলের ধাক্কায় বুকের ডান পাশের খানিকটা দেবে গেছে। মাঝেমধ্যে ওই জায়গায় প্রচণ্ড ব্যথাও হয়। তখন ওষুধ খেয়ে আবার রিকশা চালান। সন্তোষ জানান, এক হাতে রিকশা চালানো দেখার পর অনেক যাত্রী তাঁর রিকশায় উঠতে গিয়েও ওঠেন না। যদিও রিকশা চালাতে গিয়ে তিনি কখনো দুর্ঘটনায় পড়েননি।
এ প্রসঙ্গে সন্তোষ বলেন, ‘যাত্রী হামারঠে ভগবান, জীবন থাকিতে ভগবানের গায়ে আঘাত লাগিবা দিমুনি।’
একদিন সন্তোষের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী কংগীলা রানীর সঙ্গে। তিনি জানান, মানুষের করুণায় বেঁচে থাকার চেয়ে কষ্ট করে যে উপার্জন, তাতে অনেক সুখ। সংসারে অভাব থাকলেও স্বামী-ছেলে নিয়ে তিনি ভালোই আছেন।
সন্তোষ জানান, তাঁর দুই ছেলে। বড় ছেলে কমল বর্মণ সিংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। আর ছোট ছেলে অরুণ বর্মণ একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শহরের হলপাড়ার বাসিন্দা স্বপন কুমার শীল বলেন, ‘দোকানে ভিক্ষা করতে এসে আমার সঙ্গে সন্তোষের আলাপ হয়। তখন সে ভিক্ষা ছেড়ে কিছু একটা করার কথা বলে। তাই আমরা কয়েকজন মিলে তাঁকে রিকশা কেনার টাকা সংগ্রহ করে দিই।’
সন্তোষ বলেন, ‘ছুয়ালার (ছেলেদের) ভবিষ্যৎ নিয়া চিন্তায় আছু। রিকশা চালাবা গিয়া কখন যে বাস-ট্রাকের নিচে পড়ে যাও, কহিবা পারু না। গ্রামে যদি একখান দোকান দিবা পারু, তাইলে ভালো হয়। কিন্তু দোকানের তানে ৪০-৫০ হাজার টাকা লাগিবে। এতলা টাকা মুই পামো (পাব) কুনঠে?’ বলতে বলতে দুই চোখের পানি গাল বেয়ে পড়ে তাঁর। হাতের গামছা দিয়ে চোখ মুছতে মুছতেই এক আরোহীকে উঠিয়ে চলে যান গন্তব্যে। যেতে যেতে সন্তোষ বলতে থাকেন, ‘যত দিন শরীরখান ভালো আছে, তত দিন কষ্ট করে যাম। যতই কষ্ট হোক, রিকশা হামাক চালাবাই হবে...।’