ভিক্ষা নয়, চাকরি চান খলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খলিলুর রহমান
খলিলুর রহমান

দুই বছর বয়সে টাইফয়েড ও পোলিওতে আক্রান্ত হয়ে পা দুটি অচল হয়ে যায় তাঁর। এর পর থেকে কখনো হামাগুড়ি দিয়ে, কখনো হুইলচেয়ারে করে শেষ করেছেন স্নাতকোত্তর পর্ব। এখন বিভিন্ন দপ্তরে পরীক্ষা দিচ্ছেন চাকরির আশায়। কিন্তু চাকরি আর হচ্ছে না তাঁর।
দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করা মানুষটির নাম খলিলুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে জন্ম তাঁর। বাবা আবদুল মালেক বর্গাচাষি। মা রূপজান বিবি। দুজনে বয়সের ভারে ন্যুব্জ। তবু কোনো রকমে টেনে চলেছে সংসার।
পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ ছিল খলিলের। মায়ের চেষ্টায় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তুলাতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। কখনো হামাগুড়ি দিয়ে, কখনো মায়ের কোলে চড়ে প্রাথমিকের গণ্ডি পার হন। পড়ার প্রতি তাঁর আগ্রহ দেখে পাশে থাকা তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা খলিলকে তাঁদের স্কুলে ভর্তি করে নেন।
খলিলের মা রূপজান বিবি বলেন, ‘বর্ষার দিনে খলিল বাড়ি আইতে পারে নাই। স্কুলের বারান্দায় রাত কাটাইছে। কেরোসিনের অভাবে আলো জ্বালাতে পারি নাই। খাতা শেষ হয়ে গেলে লেখা মুছে আবার সেখানে লিখত।’
২০০৪ সালে এসএসসি পাসের পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াদ হোসেন এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সাউদার্ন সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসএসডিপি) নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সহযোগিতায় বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে আমতলী ডিগ্রি কলেজে ভর্তি হন খলিল। হামাগুড়ি দিয়ে এতটা পথ আসতে
দেখে হাবিবুর রহমান তাঁকে একটি হুইলচেয়ার কিনে দেন।
উচ্চশিক্ষার জন্য ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাসের পর পটুয়াখালী সরকারি কলেজে ভর্তি হন খলিল। ছাত্রাবাসে সিট বরাদ্দ পেলেও
প্রতিবন্ধী হওয়ায় সহপাঠীরা তাঁদের সঙ্গে তাঁকে থাকতে দিতে অনীহা দেখান। পরে খলিল কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান।
ঢাকায় ছোট ছেলেমেয়েদের পড়িয়ে কোনোমতে জীবন চলছিল খলিলের। পরীক্ষার সময় পটুয়াখালী এসে পরীক্ষা দিতেন তিনি। এভাবে হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। এরপর নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ও পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার কোর্স শেষ করেন। এখন বেঁচে থাকার জন্য একটি চাকরির আশায় বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন।
খলিল বলেন, ‘আমি ভিক্ষা চাই না। ছোট হোক, তবু যদি একটা চাকরি পাওয়া যায়, তাহলে আমার সব পরিশ্রম-প্রচেষ্টা সার্থক হবে।’