ভিক্ষাবৃত্তি ছাড়ার শপথ নিলেন ৪০৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজ্জা-শরমের মাথা খেয়ে দ্বারে দ্বারে গিয়ে হাত পাততে হয়। তবু বেঁচে থাকার তাগিদে সেটা করা ছাড়া উপায় কী? তবে উপায় এবার মিলেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪০৭ জন ভিক্ষুকের। উপজেলা প্রশাসনের সহায়তা পেয়ে তাঁরা ভিক্ষাবৃত্তি ছাড়ার শপথ নিয়েছেন।
উপজেলা পরিষদ চত্বরে গত বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে ওই ৪০৭ জনের মাঝে ছাগল, মুরগিসহ নানা উপকরণ বিতরণ করা হয়। এগুলো দিয়ে নিজেদের জন্য কর্মসংস্থান তৈরি করে নেবেন তাঁরা।
উপকরণ পাওয়া কয়েকজন বলেন, ভিক্ষা করতে তাঁদের খুবই লজ্জা করে। তবুও বাঁচার জন্য তা করতে হয়। কিন্তু সরকারের কাছ থেকে পাওয়া উপকরণ তাঁদের নিজেদের দাঁড়াতে সহায়তা করবে। ফলে আর ভিক্ষা করতে হবে না। অনুষ্ঠানে তাঁরা শপথ নিয়ে বলেন, ‘আমরা আর কখনো অন্যের দরজায় গিয়ে ভিক্ষা চাইব না। আমরা সবাই আজ থেকেই ভিক্ষা ছেড়ে দিলাম।’
অনুষ্ঠানে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।