ভিক্ষাবৃত্তি বন্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহ উদ্বোধনকালে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ব্রেইল পদ্ধতির বই তুলে দেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহ উদ্বোধনকালে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ব্রেইল পদ্ধতির বই তুলে দেন l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহ-২০১৬ উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভিক্ষুকদের জীবিকা এবং বিনা মূল্যে তাঁদের জন্য বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভিক্ষাবৃত্তির মতো নিকৃষ্ট কাজ করতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমি লক্ষ করেছি যে ভিক্ষা করা কিছু লোকের পেশায় পরিণত হয়েছে। তাদের কিছু সর্দার রয়েছে, যারা ভিক্ষা থেকে অর্জন করা অর্থ ভাগ-বাঁটোয়ারা করে নেয়। আমরা ভিক্ষুকদের পুনর্বাসন করার পরও তারা আবার পুরোনো পেশায় ফিরে আসে।’
ফুটপাতে ও রেলস্টেশনে যাঁরা বসবাস করেন ও ঘুমান, তাঁদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খোঁজ নেব যে তারা কোন গ্রাম থেকে এসেছে। যদি কোনো ঘরবাড়ি না থাকে, তা হলে আমরা তাদের জন্য বাড়ি তৈরি করব। প্রয়োজন হলে আমরা প্রথম ছয় মাস তাদের বিনা মূল্যে খাবার দেব।’ তিনি আরও বলেন, ‘ভিক্ষুকেরাও মানুষ। তাদেরও উন্নত জীবনযাপনের অধিকার রয়েছে। তারা কেন ফুটপাতে বা রেলস্টেশনে বসবাস করবে বা ঘুমাবে? রাষ্ট্র এ বিষয়ে সব দায়িত্ব নেবে।’
সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সমাজকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।
দেশের প্রত্যেক নাগরিকের জীবনমান উন্নয়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এতিমদের টাকা চুরি করার জন্য নয়, জনগণের সেবা করার জন্য তাঁর সরকার ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ‘আমরা এতিমদের কিছু দেওয়ার জন্য এসেছি। কারণ, আমরা আমাদের বাবা-মাকে হারিয়ে এতিম হয়েছি। আমি ও শেখ রেহানা ছাড়া আর কেউ এতিম হয়ে এত কষ্ট পায়নি।’
শেখ হাসিনা অসচ্ছল, অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে ১৯৭৪ সালে প্রথম দারিদ্র্য দূরীকরণ কার্যক্রম চালু করেন। তাঁর গৃহীত কার্যক্রম বর্তমান সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সহায়ক হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও কার্যক্রম এখনো দেশের জন্য পথপ্রদর্শক বলে তিনি বিশ্বাস করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অবহেলিত দরিদ্র জনসাধারণের কল্যাণে এবং তাঁদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন আইন প্রণয়ন করেছে। ইতিমধ্যে ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্র’ অনুমোদন করেছে। বিভিন্ন খাতে তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনো ক্ষুধার্ত মানুষ নেই। দেশ এখন দারিদ্র্যমুক্ত।
এর আগে প্রধানমন্ত্রী দুজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর কাছে ব্রেইল বই হস্তান্তর করেন। এ ছাড়া তিনি সরকারি শিশু পরিবার থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাওয়া সাত শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি।