ভিক্ষু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’। আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ এবং তাঁর মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক সুমঙ্গল মহাথেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, সংগঠনের মহাসচিব এস লোকজিৎ থের, পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব সংঘপ্রিয় মহাথের প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৌদ্ধ ভিক্ষু খুনের ঘটনার দায় সরকার এড়াতে পারে না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে হবে। তবে শান্তিপ্রিয় বৌদ্ধ ভিক্ষুর খুনের ঘটনাকে নিয়ে সাজানো নাটক হলে তা বৌদ্ধ সমাজ মেনে নেবে না। অবশ্যই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের পাদ্‌রিকে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে খুন করা হয়। এভাবে একের পর এক হত্যার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এখন সবাইকে একত্র হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার নাইক্ষ্যংছড়িতে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহারে ভিক্ষু ধাম্মা ওয়াসার লাশ পাওয়া যায়। তাঁর গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ ছিল।
গতকাল শনিবার দুপুরে এ হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর সঙ্গে স্বজনেরা জড়িত।’