ভিক্ষু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধধর্মাবলম্বীরা অহিংস ধর্মের অনুসারী। কিন্তু এরপরও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ একের পর এক আক্রমণের শিকার হচ্ছে। সর্বশেষ বান্দরবানে রাতের আঁধারে একজন বৌদ্ধ ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে খুন হওয়া বৌদ্ধ ভিক্ষুর হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একটি চক্র বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নৃশংসভাবে হত্যা করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কেউই এদের কাছে নিরাপদ নয়। সংখ্যায় কম হলেও এ দেশের বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাস করতে চায়। তারা এ দেশেরই নাগরিক। কিন্তু বৌদ্ধদের ওপর আর কোনো আক্রমণ মেনে নেবে না এ দেশের বৌদ্ধ সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০০৭ সালে চট্টগ্রামের রাউজানে জ্ঞানজ্যোতি ভিক্ষু হত্যাকাণ্ডের বিচার এখনো মেলেনি। ২০১২ সালে রামুতে আক্রমণেরও বিচার পাওয়া যায়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে হত্যাসহ সব ধরনের অপরাধ বেড়ে চলেছে। অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাকের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি সীমান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমাজসংস্কার আন্দোলনের সভাপতি মৃণাল কান্তি বড়ুয়া প্রমুখ।