ভিক্ষু হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে কক্সবাজার পৌরসভার সামনে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নেই। একের পর এক খুনের ঘটনা ঘটলেও অপরাধীরা ধরা পড়ছে না।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সহসভাপতি অরূপ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, আইনজীবী দীপংকর বড়ুয়া, উদয় শংকর পাল, বাবুল বড়ুয়া, কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু ও বাংলাদেশ রাখাইন-মারমা সংঘ কাউন্সিলের সাধারণ সম্পাদক জ্যোতিসারা ভিক্ষু প্রমুখ।
মানববন্ধন শেষে বাংলাদেশ রাখাইন-মারমা সংঘ কাউন্সিল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্যে ভিক্ষু হত্যার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত বিচার দাবি করা হয়।