ভিক্ষু হত্যার প্রতিবাদে রামুতে মানববন্ধন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া বৌদ্ধবিহারে ধ্যানরত ভিক্ষু মংসই উকে (৭০) হত্যার প্রতিবাদে কক্সবাজারের রামুতে ১৭ মে দুপুর ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে আর্য বংশ ভিক্ষু সংস্থা ও রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদ। রামু উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বৌদ্ধধর্মীয় নেতাকে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশের বৌদ্ধ সম্প্রদায় মর্মাহত ও হতবাক হয়েছে। তাই অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রামু দ্বীপ শ্রীকুল ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ উ পাইঞঞা ওয়ারা মহাথের। সমাবেশ পরিচালনা করেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু। এতে বক্তব্য দেন রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ প্রিয়রত্ন থের, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রাংকুট জগৎজ্যোতি বৌদ্ধবিহারের পরিচালক কে এস জ্যোতিসেন থের, কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু কেন্দ্রীয় কালীমন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী প্রমুখ।