ভিক্ষু হত্যার বিচারের দাবিতে মিছিল-সমাবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রাম নগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদ’। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে এসব কর্মসূচি পালন করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার চাকপাড়ায় বৌদ্ধ বিহারে উ গাইন্দা (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বিহারের মধ্যেই তাঁর গলা কাটা লাশ পাওয়া গেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু। বক্তারা অবিলম্বে এই মর্মান্তিক খুনের ঘটনায় জড়িত ও দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ ছাড়া এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের প্রতি অনুরোধও জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতা সাধনা জ্যোতি স্থবির, সুগত লংকার ভিক্ষু, রুবেল চাকমা, জে বি এস আনন্দবোধি ভিক্ষু, বোধিরত্ন ভিক্ষু প্রমুখ।
সমাবেশের আগে বিকেলে নগরের নিউ মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের নন্দনকানন, জামালখান ও চট্টগ্রাম প্রেসক্লাব ঘুরে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।