ভিক্ষুকসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর ও শেরপুরের নকলা উপজেলায় গতকাল শুক্রবার পৃথক মোটরসাইকেলের চাপায় এক নারী ভিক্ষুকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। জামালপুর সদর উপজেলার মহনপুর এলাকায় গত বৃহস্পতিবার ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদরের রফিকুল ইসলাম (৫০), নকলা উপজেলার কলাপাড়া গ্রামের মৃত মহেজউদ্দিনের স্ত্রী ময়না বেগম (৭০) ও জামালপুর সদর উপজেলার জামতলী এলাকার পশ্চিমপাড় দিঘুলী গ্রামের আজম আলী (৫০)।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে রফিকুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তিনি মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ময়না বেগম বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছিলেন। বেলা একটার দিকে নকলা পৌর শহরের ইশিবপুর এলাকার খাদ্যগুদামসংলগ্ন সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক মোটরসাইকেলের চালক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার বলেন, এ ঘটনায় নিহত ময়না বেগমের ছেলে নজিবউদ্দিন বাদী হয়ে নকলা থানায় একটি মামলা করেছেন। নিহত ময়নার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মোটরসাইকেলের চালককে আটকের জন্য চেষ্টা করছে।

জামালপুর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে জামালপুর পৌর শহর থেকে একটি ট্রাক মহনপুর এলাকায় যাচ্ছিল। ট্রাকটি মহনপুর বাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকেরা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে আজম আলী মারা যান।