ভিক্ষুকের ঘরে দুই লাখ টাকা, ১৭০টি শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে হনুফা বেগম (৫৫) নামের এক ভিক্ষুকের মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বসতঘর খুঁড়ে শতাধিক থলেতে রাখা প্রায় ২ লাখ টাকা ও ১৭০টি শাড়ি উদ্ধার করেছেন এলাকাবাসী।
গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে মারা যান হনুফা। বুধবার স্থানীয় লোকজন তাঁর মরদেহ দাফন করেন। হনুফা বেগম নোয়াগাঁও ইউনিয়নের পাটওয়ারীবাড়ির বাসিন্দা।
স্থানীয় লোকজন জানিয়েছেন, বিয়ের কয়েক মাস পরে স্বামী হনুফাকে বাবার বাড়িতে রেখে চলে যান। বাবা-মায়ের মৃত্যুর পর হনুফা আশ্রয় পান নানাবাড়িতে। নানা-নানির মৃত্যুর পর নিরুপায় হয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন।
গতকাল দুপুরে বাড়ির লোকজন ঘরে ঢুকে কৌতূহলবশত মাটি খুঁড়লে বেরিয়ে আসে পলিথিনে মোড়ানো ১৭০টি নতুন শাড়ি। ঘরের ভেতর ছোট ছোট গর্ত থেকে বেরিয়ে আসে টাকাপয়সার থলে। পরে গণনা করে ১ লাখ ৮৭ হাজার টাকা পাওয়া যায়।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা বলেন, ‘ঘটনাটি শুনে আমি ওই গ্রামে গিয়েছি। হনুফা ভিক্ষার টাকা ও মানুষের দানের শাড়ি মাটির নিচে লুকিয়ে রাখেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর আপন কেউ না থাকায় ওই বাড়ির এক মুরব্বির জিম্মায় টাকা, শাড়িসহ অন্যান্য মালামাল রাখা হয়েছে।’