ভিক্ষুকের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শহরে গত শুক্রবার রাতে এক ভিক্ষুকের দেড় হাজার টাকা ছিনতাই হয়েছে। এই অভিযোগে স্থানীয় লোকজন চার ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে থানা-পুলিশে সোপর্দ করলেও প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় রাজনৈতিক তদবিরে তিনজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার ভাসমান ভিক্ষুক একাব্বর আলী (৫০) ভিক্ষা করা শেষে ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশে শুক্রবার রাতে লালমনিরহাট রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পথে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তাঁর ঝুলি থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিক্ষুকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। আটক ছিনতাইকারীরা হলেন: শহরের রিফুজি কলোনির সাইদুল ইসলাম, আবদুস ছালাম, হিরন সাহা ও বাবুপাড়া এলাকার মনির হোসেন। পরে পুলিশ তিন ছিনতাইকারীকে থানা থেকে ছেড়ে দিলেও আবদুস ছালামকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদর থানায় কর্মরত শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মনছুর আলী বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন। রাজনৈতিক তদবিরের কারণে তিনজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।