বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতির কথা কোনটা রেখে কোনটা বলব, গ্রামের ভিজিএফ কার্ড থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, এ সরকারের দুর্নীতির কথা বাংলাদেশের মানুষকে বলতে হয়নি। বিশ্বব্যাংক, জাইকা দুর্নীতির কথা প্রকাশ করেছে।চারদলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ঐক্যজোট এ সমাবেশ ডাকে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় আদালত গত ১৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘মুফতি আমিনী পঞ্চদশ সংশোধনীর ওপর কিছু মন্তব্য করেছেন। আমরা তাঁর বক্তব্যে এবং কাজে রাষ্ট্রের বিরোধিতা খুঁজে পাইনি। বরং তাঁর বক্তব্যে রাষ্ট্র ও দেশের মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ফুটে উঠেছে। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এতে সংবিধানের মৌলিক পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালকে নতুন আঙ্গিকে নিয়ে আসা হয়েছে। সংশোধনীর কিছু বিধান মৌলিক অধিকার পরিপন্থী। এর বিরুদ্ধে আমিনীর কথা বলা রাষ্ট্রদ্রোহ হতে পারে না।ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শওকত হোসেন, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।