ভিজিএফ কার্ড নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছেন দুস্থরা
নীলফামারীর সৈয়দপুরে গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা চাল এখনো অনেকে পাননি। ভিজিএফ কার্ড নিয়ে এসব গরিব ও দুস্থ মানুষ জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ধরনা দিচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকার উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসব চাল বিতরণ গত মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ এসব ভিজিএফ কার্ড জনপ্রতিনিধি ছাড়াও দলীয় লোকজন, ইউনিয়ন পর্যায়ের নেতা ও কাছের লোকদের মাঝে বিতরণ করা হয়। ১০ কেজি চালের পরিবর্তে দেওয়া হয় ৬ থেকে ৭ কেজি। তা-ও আবার দাঁড়িপাল্লা বা নিক্তিতে নয়, প্লাস্টিকের বালতিতে চাল মেপে দেওয়া হয়েছে। ইউপি এলাকায় পাইকাররা প্রকাশ্যে ভিজিএফ কার্ড ও চাল কিনে নেন কার্ডধারী লোকজনের কাছ থেকে।
বিতরণের দিন বিভিন্ন বিতরণ কেন্দ্র ঘুরে অনিয়ম ও দুর্নীতির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী পাইকারসহ তিনজনকে গত বুধবার আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৪ শতাধিক গরিব ও দুস্থ মানুষ এখনো চাল না পেয়ে ঘোরাঘুরি করছেন।
কামারপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, চাল বিতরণে ঘাটতি পড়ায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, যারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।