ভিজিএফ কার্ডের জন্য প্রাণ গেল তহসিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পরেই ঈদুল ফিতর। বর্তমানে গ্রামগঞ্জে কাজকর্ম না থাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলার শিবপুর দালালীপাড়া গ্রামের হতদরিদ্র তহসিন আলীর (৫৫) চিন্তার শেষ ছিল না। তাই একটি ভিজিএফ কার্ডের আশায় তিনি গত শুক্রবার গিয়েছিলেন স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য আয়েশা সিদ্দিকার বাড়িতে। তাঁকে কার্ড দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন আয়েশা।
কিন্তু আয়েশার ভাই ও স্বামীই তহসিনকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তহসিনকে হত্যার ঘটনায় আয়েশা ও তাঁর স্বামীসহ তিনজনের বিরুদ্ধে গত রোববার থানায় মামলা হয়েছে।
এলাকার অনেকে অভিযোগ করে জানান, গত শনিবার এলাকায় দুস্থ গোষ্ঠীর খাদ্য-সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণ করা হলেও তহসিনকে দেওয়া হয়নি। এ অবস্থায় তহসিন ভিজিএফের কার্ড বিতরণে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অসততার অভিযোগ তোলেন। বিষয়টি লোকমুখে জানতে পেরে তহসিনের প্রতি ক্ষুব্ধ হন আয়েশার ছোট ভাই লেবু মিয়া ও স্বামী ইলিয়াছ আলী। এর পর থেকে তাঁরা তহসিনকে খুঁজতে থাকেন। শনিবার রাত নয়টার দিকে বাড়ির পাশে একটি সেতুর ওপর তহসিন বসে ছিলেন। এ সময় লেবু ও ইলিয়াছ তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সেতু থেকে অন্তত ১৮ ফুট নিচে তহসিনকে তাঁরা ফেলে দেন। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তহসিনকে উদ্ধার করে পাশে তাঁর এক বোনের বাড়িতে রেখে যান। সেখানে ভোর পাঁচটার দিকে তহসিন মারা যান। এরপর ক্ষুব্ধ লোকজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লেবুকে আটক করে পুলিশে দেন।
থানাহাজতে থাকা লেবু গত রোববার বলেন, ‘আসলে বোনকে ঘুষখোর ও খারাপ কথা বলে গালি দেওয়ায় আমার মাথাটা গরম হয়েছিল। এর পর কী থেকে কী হলো। যাহোক এটা আমি মহাভুল করেছি। পাপের শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে।’
আয়েশা বলেন, ‘ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে তহসিনের তর্কবিতর্কের একপর্যায়ে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই আপন ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তবে আমার স্বামী ঘটনার সঙ্গে জড়িত নন।’
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী প্রধান জানান, এ ঘটনায় রোববার রাতে তছলিম বাদী হয়ে আয়েশা, লেবু ও ইলিয়াছের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। গতকাল সোমবার লেবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আয়েশা ও ইলিয়াছ পলাতক রয়েছেন।