ভিজিএফ কার্ডের ৩০ ভাগ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ঈদের আগে দুস্থ মানুষের মধ্যে বরাদ্দ ভিজিএফ কার্ডের শতকরা ৩০ ভাগ নিয়মবহির্ভূতভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বণ্টন করবেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার অতিদরিদ্র পরিবারের জন্য ধুনট উপজেলায় ২২ হাজার ২৩টি কার্ডের জন্য ২২০ দশমিক ২৩০ টন এবং পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ডের জন্য ১৫ দশমিক ৪০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।৩০ জুলাই উপজেলা মিলনায়তনে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী দলের নেতা-কর্মীর নামে ৩০ ভাগ কোটা রেখে চেয়ারম্যানদের ভিজিএফ কার্ডের তালিকা করতে অনুরোধ জানান।পিআইও আবদুল্লাহেল কাফি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে কার্ড ভাগ করে দেওয়া হয়েছে। তাঁরা কীভাবে কার্ডের তালিকা করবেন সেটা তাঁদের বিষয়।ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ‘আমরা ৭০ ভাগ আর তাঁরা (আওয়ামী লীগ) ৩০ ভাগ তালিকা করার বিষয়ে আলোচনা হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ জানান, বিষয়টি জানার পর ইউপি চেয়ারম্যানদের কার্ডের তালিকা করে তাঁর কাছে জমা দিতে বলেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।