ভিজিএফ নিয়ে শঙ্কায় সাড়ে আট লাখ দুস্থ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় এবার গম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চাহিদার তুলনায় গমের সরবরাহ কম। এ কারণে ঈদের আগে ভিজিএফের গম পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় ঈদের আগে গম বিতরণ করা সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঈদের আগে গম না পেলে দুস্থ ব্যক্তিদের ঈদ আনন্দ ম্লান হয়ে যাবে।

 জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চালের সংকট থাকায় এ বছর ঈদের আগে ভিজিএফের চাল বিতরণ করা নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের চিঠি অনেক দেরিতে আসে। চিঠিতে বলা হয়, এ বছর ময়মনসিংহ জেলার ১৩ উপজেলা ও ১১ পৌরসভায় গম বিতরণ করা হবে। জেলায় মোট ৮ লাখ ৬৮ হাজার ৬৭৮ জন কার্ডধারীর মধ্যে মোট ৮ হাজার ৬৮৫ টন চাল বিতরণের কথা। এবার চালের মজুত কম থাকায় গম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পেলেও দাম কম হওয়ায় প্রতি কার্ডধারী ব্যক্তিকে ১৩ কেজি করে গম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে জেলায় গমের মোট চাহিদা সৃষ্টি হয়েছে ১১ হাজার ৫৩৬ মেট্রিক টন। জেলায় গমের মজুত আছে ১ হাজার ৭১৭ মেট্রিক টন। জেলায় মোট ৪ হাজার মেট্রিক টন চাল মজুত আছে।

ঈদের আগে গম বিতরণের নিয়ম থাকলেও গতকাল পর্যন্ত ময়মনসিংহ জেলায় বরাদ্দ করা হয়েছে ১৫০ মেট্রিক টন গম। এ পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ৪ ইউনিয়নের ১৫ হাজার দুস্থ পরিবারকে গম দেওয়া হয়েছে। এখন মজুত না থাকায় ৮ লাখ ৫৩ হাজার ৬৭৮ জন গম পাবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে আরও জানা যায়, ময়মনসিংহ জেলায় মোট ৪ হাজার মেট্রিক টন চাল মজুত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে গমের সঙ্গে ওই চালও যদি দেওয়া হয়, তাহলে ঈদের আগে মোট কার্ডধারীর অর্ধেক মানুষের মধ্যে বিতরণ সম্ভব হবে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলায় গমের ঘাটতি ৯ হাজার ৮১৯ মেট্রিক টন। এগুলো চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ময়মনসিংহে আনা হবে। গতকাল পর্যন্ত মাত্র দুই ট্রাক গম ময়মনসিংহে এসে পৌঁছেছে। ঈদের আগে ওই সব সড়কে যানজটের শঙ্কা থাকায় ঈদের আগে গম পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হোসেন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত জানার পর আমরা প্রতিবছরের মতো ভিজিএফ বরাদ্দ দিয়েছি। সংকট থাকলেও সেটা জেলা খাদ্য নিয়ন্ত্রক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি গমের সঙ্গে জেলায় মজুত ৪ হাজার মেট্রিক টন চালও দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে ঈদের আগে মোট কার্ডধারীর অর্ধেক মানুষের মধ্যে ভিজিএফ বিতরণ করতে পারব।’

ময়মনসিংহের গৌরীপুর, ত্রিশাল, ফুলপুর, তারাকান্দা, ফুলবাড়িয়া উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পর্যন্ত ভিজিএফের চাল বিতরণ শুরু হয়নি। ঈদের আগে ওই সব উপজেলায় বিতরণ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে ঈদের আগে ভিজিএফ বিতরণ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

তারাকান্দার ইউএনও শের মাহবুব মুরাদ বলেন, ‘উপজেলায় কোনো গম নেই। ঈদের আগে ভিজিএফের গম দেওয়া সম্ভব হবে না।’

ত্রিশালের ইউএনও আবু জাফর রিপন বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় থেকে ঈদের আগে ভিজিএফের গম দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে।