ভিজিএফ সুবিধাভোগী জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে ভিজিএফ সুবিধাভোগী জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পৃথক দুটি মৎস্যজীবী সমিতি এবং ইউনিয়ন পরিষদ ওই টাকা আদায় করছে।রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীতে দুই মাস (মার্চ ও এপ্রিল) সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত জেলে-পরিবারকে ওই ভিজিএফ দেওয়া হচ্ছে। উপজেলার ১৩ হাজার ৯১৫টি জেলে-পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চার মাসের জন্য (ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে) ওই ভিজিএফ চাল পাচ্ছে।চর আবদুল্লাহ ইউনিয়নের চরসেবাজ এলাকার জেলে মো. আলমগীর, আবদুল মালেক, দুলাল মিয়া ও মো. সালাউদ্দিন একই সুরে বলেন, ভিজিএফের চাল নিতে গেলে জাতীয় মৎস্যজীবী সমিতি এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নামে তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পৃথকভাবে আরও ১০০ টাকা করে নিচ্ছে।প্রত্যেক জেলে সদস্যের কাছ থেকে সঞ্চয়ের জন্য ৫০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৫০ টাকা হারে আদায় করার কথা স্বীকার করে জাতীয় মৎস্যজীবী সমিতির রামগতি উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল হক মাঝি বলেন, পাকা রসিদের মাধ্যমে ওই টাকা নেওয়া হচ্ছে এবং তা সমিতির ব্যাংক হিসাবে জমা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত জেলেরা অভিযোগ করেন, সমিতির নামে আদায় করা চাঁদার টাকা জেলেদের কোনো কাজেই আসে না। ওই টাকা কোথায় কীভাবে ব্যয় হচ্ছে, তাও তাঁরা জানেন না। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খন্দকার দাবি করেন, বিবিধ খাতে আদায় করা টাকা দিয়ে সমিতির সভা-সমাবেশ এবং দাপ্তরিক খরচ চালানো হবে। এ ছাড়া সঞ্চয়ের টাকা দিয়ে জেলেদের উন্নয়নে ঋণ কার্যক্রম চালু করা হবে। এদিকে চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর আক্তার হোসেন জেলেদের কাছ থেকে টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, পাকা রসিদ দিয়ে ইউনিয়ন পরিষদের বকেয়া ট্যাক্স (কর) বাবদ ওই টাকা আদায় করা হচ্ছে। তাঁরা বলেন, গত ২৮ মার্চ উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় অনানুষ্ঠানিকভাবে এ ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়। ভিজিএফ সুবিধাভোগী জেলেদের কাছ থেকে টাকা আদায়ের ব্যাপারে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা অস্বীকার করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য সংরক্ষণবিষয়ক উপজেলা টাস্কফোর্সের সভাপতি আ স ম হাসান আল-অমিন বলেন, ভিজিএফ দেওয়ার জন্য টাকা আদায়ের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কোনো অভিযোগ না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।