ভিজিএফের আতপ চালে দুর্গন্ধ
ঈদুল আজহা উপলক্ষে ভোলায় ভিজিএফের যে আতপ চাল বিতরণ করা হচ্ছে তা দুর্গন্ধযুক্ত। ভোলার মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয়। এ কারণে অনেকেই এই চাল তুলে তা বিক্রি করে দিচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার জানান, ভোলার মানুষ আতপ চাল খায় না—এ কথা আমরা বারবার ওপরে জানিয়েছি। কিন্তু তার পরও ভোলায় আতপ চাল পাঠানো হচ্ছে। ওপর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে আগে আতপ চাল ছাড় করে পরে সেদ্ধ চাল বিলি করতে হবে। গত বৃহস্পতিবার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের এক হাজার ৪৫১ জন দুস্থকে ঈদ উপলক্ষে ১০ কেজি করে আতপ চাল বিতরণ করা হয়েছে। চাল নিতে আসা ৬ নম্বর ওয়ার্ডের আজিজুল মিয়া (৫০) বলেন, ‘আমরা গরিব অইয়্যা জন্মাইছি। সরকার আমগোরে য্যা দেয় হেইয়্যাই খাইতো অইবো।’ ৮ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ (৬৪) বলেন, ‘যে চাউল দিছে হে দিয়া না পারুম ভাত খাইতাম, না পারুম রুডি খাইতাম। আর যে চাউল দিছে, আস্তা গন আয় (দুর্গন্ধযুক্ত চাল) হে দিয়া জাউও খাওন যাইব না, রুডিও বানান যাইব না।’ ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার বলেন, ‘সরকার যা পাঠিয়েছে আমরা তাই বিতরণ করছি।’