ভিজিএফের আরও ৪০০ কেজি চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দেবহাটা উপজেলার নওয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য দেওয়া ভিজিএফের আরও ৪০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার পাশের কালীগঞ্জ উপজেলার নলতা বাজারের একটি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়।

দেবহাটা থানার এসআই আসাদুজ্জামান বলেন, গতকাল নলতার আশরাফুল ইসলামের চালের দোকান থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়। এতে ৪০০ কেজি চাল ছিল। এর আগে শুক্রবার দেবহাটার হাদিপুর গ্রাম থেকে ভিজিএফের আরও ৭০০ কেজি চাল উদ্ধার হয়। ওই ঘটনায় ফজলুর রহমান ও মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার চাল উদ্ধারের পর শনিবার এসআই বাদী হয়ে ভিজিএফের চাল বিক্রির অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আসমান হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল আরও ৪০০ কেজি চাল উদ্ধার হয়। ঘটনার পর থেকে আবুল কাসেম, আসমান হোসেন ও আজগর আলী পলাতক রয়েছেন।

এ ব্যাপারে আবুল কাসেম ও আসমান হোসেনের সঙ্গে গতকাল কথা বলার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।