ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুর রহমানের বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর অপসারণের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন ইউপি সদস্যরা।
গতকাল শনিবার নন্দীগ্রামে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে ভাটগ্রাম ইউপির ১১ সদস্য যৌথভাবে ওই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ অক্টোবর মানববন্ধন, ৩ অক্টোবর ইউপি ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি এবং ১০ অক্টোবর বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ।
১১ জনের পক্ষে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আজাদুল ইসলাম দাবি করেন, ৭ জুলাই ভাটগ্রাম ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ হয়েছে দেখিয়ে চেয়ারম্যান ৮১ বস্তা চাল নিজেই আত্মসাৎ করেন।
পরে বিষয়টি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানিয়ে প্রতিকার চাওয়া হয়। কিন্তু এখনো তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁরা এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তবে ইউপি চেয়ারম্যান শামছুর রহমান বলেন, ‘কয়েকজন ইউপি সদস্য দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল ভাগাভাগি করে নিতে চেয়েছিলেন। কিন্তু আমি এভাবে চাল ভাগাভাগি করতে রাজি হইনি। এখন উল্টো তাঁরা আমার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ আনছে।’