ভিজিএফের চাল আত্মসাৎ-চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল বিতরণ না করে মজুত রাখায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দুটি কক্ষ সিলগালা করে দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য দেওয়া চাল ওই দুই কক্ষে মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগে ওঠে।

দেবীগঞ্জের ইউএনও সানিউল ফেরদৌস গত রোববার রাতে কক্ষ দুটি সিলগালা করেন। কক্ষ দুটিতে ৭৫ বস্তা চাল পাওয়া যায়। এসব চাল আত্মসাতের জন্য মজুত করে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগ থেকে জানা যায়, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবদুর রাজ্জাক দুস্থদের মাঝে চালগুলো বিতরণ না করে ইউনিয়ন পরিষদের গুদামে ৩৯ ও ইউনিয়ন পরিষদের পাশে বিআরডিবির একটি কক্ষে ৩৬ বস্তা চাল লুকিয়ে রাখেন তিনি। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার ও কক্ষ দুটি সিলগালা করা হয়।

তবে চেয়ারম্যান আবদুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের আগে বৃষ্টির কারণে তিনি চালগুলো বিতরণ করতে পারেননি। তাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ৩৯ বস্তা চাল রেখে দেন। তবে বিআরডিবির কক্ষে রাখা চালের কোনো হিসাব দিতে পারেননি তিনি।