ভিজিএফের চাল আনতে গিয়ে মারধরের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চাল আনতে গিয়ে গরিব ও দুস্থ ব্যক্তিরা চেয়ারম্যান শাহাদত হোসেনের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গরিব ও দুস্থ কয়েকজন জানান, বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতকুড়ি ও চেংগ্রামের দুই শতাধিক গরিব ও দুস্থ লোক ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের ১০ কেজি করে চাল আনতে ইউপির অফিসে যান। চেয়ারম্যানের কাছে গিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের নামের চাল আগেই নেওয়া হয়ে গেছে। এ সময় তাঁরা প্রতিবাদ করলে চেয়ারম্যান শাহাদত হোসেন উত্তেজিত হয়ে তাঁদের কয়েকজনকে মারধর করেন।মারধরের শিকার আনিছুর বলেন, ‘আমরা মেম্বারোর ছিলিপ নিয়ে চাউল নিবার গেলে চেয়ারম্যান বলে, তুরা তো চাল নিয়ে গেছিস। তখন আমরা প্রতিবাদ করলি চেয়ারম্যান আমাদের গালত-মুখত কিল-ঘুষি মারলি চাউল থুইয়া চলে আসি।’ আবদুল খালেক (৭৭) বলেন, ‘চাউল নিবার গিয়ে দেখি আমাদের টিপসহি দিয়ে অন্যজন চাইল তুলে নিছে। চেয়ারম্যানের কাছে আকুতি-মিনতি করলেও আমাদের চাউল দেয়নি।’৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলতোমাস বলেন, এই ওয়ার্ডের প্রায় ৪০০ গরিব ও দুস্থকে ভিজিএফের চাল দেওয়ার জন্য নামের তালিকা চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়। কিন্তু তালিকাভুক্ত অর্ধেক গরিব-দুস্থকেও ভিজিএফের চাল দেওয়া হয়নি। এ ছাড়া অন্যদের ওজনে দুই-তিন কেজি কম করে চাল দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, আলতোমাস দুস্থদের কিছু চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। তাঁর চেষ্টা সফল না হওয়ায় এই অপপ্রচার চালাচ্ছেন। চাল কম দেওয়া এবং কাউকে মারধর করার অভিযোগ সত্য নয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ টি এম বেনজীর রহমান জানান, তালিকাভুক্ত কোনো দুস্থ চাল না পেলে অবশ্যই ঈদের পর পাওয়ার ব্যবস্থা করা হবে। তবে ১০ কেজির স্থলে কিছু চাল কম দেওয়া হয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুল নাহার জানান, উপজেলা পরিষদের তালিকা অনুযায়ী ইউপির চেয়ারম্যান অনেককেই চাল দেননি। অনেক দুস্থ নারী-পুরুষ এ ব্যাপারে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।