ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব চাল বিতরণ করা শুরু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে বাঘাইছড়ি পৌরসভায় এক হাজার ৫০০ পরিবার ও আটটি ইউনিয়নে ছয় হাজার ২০০টি পরিবারের জন্য ৭০ মেট্রিকটন চাল জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার থেকে বাঘাইছড়ি খাদ্যগুদাম থেকে চাল বিতরণ শুরু করা হয়। চাল বিতরণের জন্য প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও পৌরসভায় সাড়ে সাত কেজি ও ইউনিয়নগুলোতে সাড়ে আট কেজি করে দেওয়া হচ্ছে। কেউ কেউ পৌরসভায় ছয় ও ইউনিয়নে আট কেজি করে চাল পেয়েছেন। পরে কম দেওয়ার অভিযোগ ওঠায় পৌরসভায় চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে ইউনিয়নগুলোতে চাল বিতরণ চলছে বলে জানা গেছে।
পৌরসভার কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম ও মুসলিম ব্লকের গুচ্ছগ্রামের মো. ওসমান গনি অভিযোগ করেন, একটা প্লাস্টিকের বালতি দিয়ে চাল দেওয়া হচ্ছে। সন্দেহ হলে একটি দোকানে গিয়ে ওজন দিয়ে দেখা যায় সাড়ে সাত কেজি চাল দেওয়া হয়েছে। রুপকারী ইউনিয়নের ভক্তপাড়া গ্রামের মো. মাসুম বলেন, ‘আমরা সবাই সাড়ে আট কেজি করে চাল পেয়েছি। তবে শুনেছি ১০ কেজি করে নাকি পাওয়ার কথা।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম বলেন, ওজনে কম দেওয়ার অভিযোগে পৌর এলাকায় আপাতত চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্যাগ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সত্যজিৎ চাকমা বলেন, চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়ার পর পৌর মেয়র নিজেই এসেছেন। পৌরসভায় এ পর্যন্ত ১৬০ পরিবারকে চাল দেওয়া হয়েছে। পরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পৌর এলাকায় চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।
বাঘাইছড়ি পৌর মেয়র মো. আলমগীর কবির বলেন, ওজমে কম দেওয়া হয়নি। ১৬০ পরিবারের জায়গায় মানবিক কারণে ১৮৫ পরিবারকে চাল দেওয়া হয়েছে। এ জন্য ১০ কেজির পরিবর্তে ছয় থেকে সাত কেজি করে চাল দেওয়া হয় বলে তিনি জানান।
রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা বলেন, খাদ্যগুদাম থেকে মিটারে ওজন দেওয়া হয়। আমরা বিতরণ করি কেজি হিসেবে। আবার বস্তার ওজন ও এদিক-ওদিকে পড়ে যায়, এতে চাল কম হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, রমজান উপলক্ষে ভিজিএফ চাল বরাদ্দ পাওয়া গেছে। হতদরিদ্র জনগোষ্ঠীকে সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রত্যেক ইউনিয়নে একজন ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রতি পরিবার ১০ কেজি করে চাল পাওয়ার কথা। কেন কম দেওয়া হচ্ছে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।