ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধরমপাশা ইউনিয়নে ভিজিএফের চাল ওজনে কম দেওয়া হয়েছে। গতকাল সোমবার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজির স্থলে ছয়-সাত কেজি করে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে ধরমপাশা ইউনিয়নে এক হাজার ৯৭০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১৯ টন ৭০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল সকালে উপজেলা খাদ্যগুদাম থেকে ওই ইউপির চেয়ারম্যান এ চাল তোলেন। ওই দিন দুপুরে ধরমপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের ছয়-সাত কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০-৩৫ জন কার্ডধারী চাল পাননি বলে অভিযোগ করেছেন।হলিদাকান্দা গ্রামের আনোয়ারা বেগম, সাহারা খাতুন ও রেজিয়া আক্তার বলেন, ‘আমরারে চাউল নেওয়ার লাইগ্যা কার্ড দিলেও হারা দিন অপেক্ষা কইরা থাইকাও আমরা চাউল পাইছি না। চেয়ারম্যানরে জানাইয়াও কুনু কাম অয়নাই।’ মেউহারি গ্রামের লালবানু বলেন, ‘সরহার আমরারে ১০ কেজি কইরা চাল দিছে। আর আমরা পাইছি ছয় থাইক্যা সাত কেজি।’ ওই ইউনিয়নের বিজিএফের চাল বিতরণ কার্যক্রম তদারকি কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক চাল বিতরণ করা হয়েছে। কোনো অনিয়মের কথা কেউ তাঁকে জানাননি।ধরমপাশা সদর ইউপির চেয়ারম্যান মো.ফখরুল ইসলাম চৌধুরী বলেন, কার্ডধারীরা চাল পাননি, এ অভিযোগ সঠিক নয়। তবে চাল বিতরণের সময় অতিরিক্ত লোকজন চলে আসায় এবং তাঁদের চাল দেওয়ায় ওজনে সামান্য কিছুটা হেরফের হয়েছে। চাল বিতরণে কোনো অনিয়ম করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান জানান, এ-সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।