ভিজিএফের চাল ওজনে কম: মেয়র ও গুদামরক্ষক কারাগারে

সরকারি ভিজিএফের চাল দুস্থদের পরিমাণে কম দিয়ে আত্মসাতের মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং গুদামরক্ষক মজিবর রহমানের জমিন ও রিমান্ড দুই আবেদনই নামঞ্জুর করেছেন আদালত। তাঁদের জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
মেয়র জাহাঙ্গীর আলমের আইনজীবীরা প্রথম আলোকে জানান, আজ সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিশ্বনাথ মণ্ডল এ আদেশ দিয়ে দুজনকে কারাগারে পাঠান।
গতকাল রোববার মেয়র জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য রাখেন।
মামলার এজাহার ও দিনাজপুর সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌরসভার ৪ হাজার ৬২১ জন দুস্থ লোকের (প্রত্যেকের জন্য ২০ কেজি করে) মোট ৯২ দশমিক ৪২ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ১৬ আগস্ট থেকে বিতরণ শুরু হয়। গত শনিবার কয়েকজন দুস্থ বরাদ্দ পাওয়া চাল ওজন করে দেখেন তাদের ১৮ কেজি ৪০০ গ্রাম চাল দেওয়া হয়েছে। বিষয়টি তারা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের কাছে জানান। আলতাফ হোসেন অভিযোগ পেয়ে সরেজমিনে পৌরসভায় গিয়ে দেখতে পান যে, ওজন করা ছাড়াই মগ দিয়ে চাল বিতরণ করা হচ্ছে। সেই চাল ২০ কেজির স্থলে ১৮ কেজি ৪০০ গ্রাম রয়েছে।
আলতাফ হোসেন চাল কম দেওয়ার বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। বরং পুলিশের হাতে আটক মজিবর রহমানকে তিনি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় আলতাফ হোসেন শনিবার রাতে বাদী হয়ে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান এবং গুদামরক্ষম মজিবর রহমানকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
গতকাল রোববার দিনাজপুর আদালতে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছিলেন যে, দুপুরে তিনি গোরে এ শহীদ ময়দান পরিদর্শনে যান। এ সময় কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সরাসরি আদালতে নিয়ে যায়। তিনি বিএনপির মেয়র হওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে।