ভিজিএফের চাল কম দেওয়ায় ইউএনওর কাছে নালিশ
প্রতি কার্ডধারীকে ৩০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রইছউদ্দিন কার্ডধারীদের চাল দিচ্ছেন ২৪ থেকে ২৫ কেজি করে।এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে মাপে কম দেওয়া চালসহ কয়েকজন কার্ডধারী নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, নিয়মানুযায়ী প্রতি কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাঁদের চাল দিচ্ছেন ২৪ কেজি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভিজিএফের চাল বিতরণ তদারকির দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আলম বলেন, সাধারণত এক-দেড় কেজি করে চাল কম দেওয়া হয়। জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রইছউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, গুদাম থেকে মাপে কম দেওয়া হয়। তাই কার্ডপ্রতি এক থেকে দেড় কেজি চাল কম বিতরণ করা হয়। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।