ভিজিএফের চাল কম দেওয়ায় ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল ওজনে কম দেওয়ায় বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় পাঁচ ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।
সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া এবং বেঁচে যাওয়া চাল দুস্থদের মধ্যে বিতরণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু দাউদ প্রধানকে উদ্ধার করা হয়। পরে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয় এবং উদ্ধৃত্ত কিছু চাল উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তিনি জানান, পরিষদে আরও ১৩৩ বস্তা চাল রয়েছে। এই উদ্বৃত্ত চালের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান বলেন, ‘আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আমি এখন ঝামেলার মধ্যে আছি, পরে কথা বলব।’ তবে উদ্বৃত্ত ১৩৩ বস্তা চাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ভিজিডির চাল, ভিজিএফের নয়।’
উপজেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চাকলাহাট ইউনিয়নের চার হাজার ৬৫০ জন দুস্থ মানুষের জন্য সাড়ে ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। দুস্থ প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান মঙ্গলবার ১০ কেজির পরিবর্তে সাড়ে আট থেকে নয় কেজি করে চাল বিতরণ শুরু করেন। ওজনে কম দেওয়ায় একপর্যায়ে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন এবং তাঁর শাস্তির দাবিতে মিছিল করেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান।
সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদী বলেন, ওজনে চাল কম দেওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়। পরে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।