ভিজিএফের চাল জব্দ, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি গুদাম থেকে গত মঙ্গলবার রাতে দুস্থ জনগোষ্ঠীর খাদ্য-সহায়তা কর্মসূচির (ভিজিএফ) ৪১ বস্তা চাল ও এক বস্তা গম জব্দ করা হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মোত্তালেব মোল্লা বলেন, ডিমলার খালিশা চাপানী ইউনিয়নে রমজান ও ঈদ উপলক্ষে সাত হাজার ৬৮৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের জন্য প্রায় ৭৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুন ওই চাল উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করে মঙ্গলবার পর্যন্ত বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক হুদা। এরপর রাতে এলাকার একটি গুদাম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউর রহমান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ বস্তা চাল, এক বস্তা গম ও খাদ্য বিভাগের ১০০টি খালি বস্তা উদ্ধার করেন। এরপর গুদামটি িসলগালা করে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে।
চেয়ারম্যান সামসুল হক হুদা বলেন, ‘একটি চক্র আমাকে ফাঁসানোর জন্য ওই ঘটনা সাজিয়েছে।’
ডিমলা উপজেলা খাদ্য কর্মকর্তা সাহিদুর রহমান বলেন, ‘ইউএনও আমাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।’