ভোলার লালমোহন উপজেলার বদরপুর, রমাগঞ্জ ও চরভুতা ইউনিয়নের প্রায় সাত হাজার দরিদ্র মানুষ ঈদের বিশেষ ভিজিএফের চাল পাননি। আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাঁরা ভিজিএফ-বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজন জানান, ঈদের ১০ দিন আগে ওই তিনটি ইউনিয়নের প্রায় সাত হাজার দরিদ্র মানুষকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল।
চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার আবু মিয়া বলেন, চেয়ারম্যান বিএনপিপন্থী হওয়ায় ইউনিয়ন পরিষদের ত্রাণ নিয়ে মাঝেমধ্যেই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
এ কারণে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত দরিদ্র মানুষেরা ত্রাণের চাল পান না। উপজেলা ত্রাণ কার্যালয় থেকে আরও জানায়, বদরপুর ইউনিয়নে দুই হাজার ৬৬০ জন, রমাগঞ্জ ইউনিয়নে এক হাজার ৬০০ জন ও চরভুতা ইউনিয়নে দুই হাজার ৩০০ জন দরিদ্রের চাল পাওয়ার কথা ছিল।
লালমোহন উপজেলা প্রকল্প কর্মকর্তা অপূর্ব দাস জানান, উপজেলার নয়টি ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফের জন্য প্রায় ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়।
রমাগঞ্জ ইউপির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, জনপ্রতিনিধিরা দরিদ্রদের মধ্যে চাল বিতরণের তালিকা করেছেন। ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা সে তালিকা উপেক্ষা করে তাঁদের পছন্দের কর্মীদের মধ্যে চাল বিতরণের জন্য চাপ দিচ্ছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান-সদস্যদের করা দুস্থদের তালিকায় মিল না থাকায় ভিজিএফ বিতরণ বন্ধ রয়েছে। তবে এ ব্যাপারে কথা বলতে চাইলে ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বদরপুর ইউপির সদস্য আসাদুল্লাহ বলেন, ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ ছাড়াই চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে দুস্থদের একটি তালিকা করেছেন। যা নিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটি বিবাদ হয়। এ ছাড়া চেয়ারম্যান বেশির ভাগ সময়ই এলাকায় থাকেন না। এসব কারণে ঈদের আগে খাদ্যগুদাম থেকে চাল তোলা সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা করেও ইউপিচেয়ারম্যান আবু জাফরকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন বলে জানা গেছে।