ভিজিএফের চাল না দেওয়ায় সভা বর্জন
ভিজিএফের চাল বিতরণ করতে না দেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারার নবনির্বাচিত নয়জন ইউপি চেয়ারম্যান উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির প্রথম সভা বর্জন করেছেন। চেয়ারম্যানদের বিতরণের সুযোগ না দিয়ে স্থানীয় সাংসদ দলীয় লোকজনকে দিয়ে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ করা হয়।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত রোববার ছিল নবনির্বাচিত চেয়ারম্যানদের উন্নয়ন ও সমন্বয় কমিটির প্রথম সভা। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হলে ১৬ ইউপি চেয়ারম্যানের মধ্যে সাতজন উপস্থিত হন। বাকি নয়জন সভা বর্জন করেন। তাঁদের অভিযোগ, ঈদের আগে ভিজিএফের চাল বিতরণের জন্য তাঁদের কোনো সুযোগ দেওয়া হয়নি। তাঁদের তালিকা অনুমোদন না দিয়ে স্থানীয় সাংসদ চাল উত্তোলন করে পরিষদের বাইরে দলীয় লোকজনের মধ্যে তা বিতরণ করেন। এতে তাঁদের অধিকার খর্ব করা হয়েছে।সভা বর্জনকারী বড়বিহানালীর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় সাংসদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিধিমালা লঙ্ঘন করে দলীয় লোকদের মধ্যে চাল বিতরণ করেছেন। তাঁরা তালিকা জমা দিলেও তা অনুমোদন দেওয়া হয়নি।উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা তৈরি করতে না পারায় চাল ফেরত যাবে—এমন আশঙ্কায় সাংসদ ডিও লেটার দিয়ে চাল উত্তোলন করে বিতরণ করেছেন।স্থানীয় সাংসদ এনামুল হক দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।