ভিজিএফের চাল নিয়ে ফেরা হলো না ওঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নৌকাডুবিতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার সময় গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়বিলা বিলে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়িয়ায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাতিলেট গ্রামের রিনা আক্তার (২৮), সাজেদা বেগম (২৫), রওশন আরা (১৯) ও সুমি মারাক (১২) এবং বাড়ার বাজার গ্রামের সাহেরা খাতুন (২৯)। এ ছাড়া পানিতে ডুবে আরও সাতজন আহত হয়েছে। তাদের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাবুগঞ্জ বাজারে অবস্থিত রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ৪৫০ জন অতি দরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল নিয়ে হাতিলেট ও বাড়ার বাজার গ্রামের নারী-পুরুষেরা নৌকায় চড়ে বড়বিলা বিল পার হচ্ছিলেন। এ সময় বিলের পানিতে ঢেউ ছিল। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই রিনা আক্তার, সাজেদা বেগম ও সুমি মারাক মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রওশন আরা ও সাহেরা খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, ছোট নৌকাটিতে আনুমানিক ৩০ জন যাত্রী ওঠেন। অধিকাংশ যাত্রীর সঙ্গে চালের বস্তা থাকায় শুরু থেকেই নৌকাটি দুলছিল। কিছুদূর যাওয়ার পর দমকা বাতাস শুরু হলে এটি ডুবে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক প্রথম স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আনুমানিক এক ঘণ্টা পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চললেও আর কোনো মরদেহ পাওয়া যায়নি। নৌকাডুবির ঘটনায় কেউই নিখোঁজ নন।
গ্রামবাসী জানায়, ঈদের আগে গ্রামে এ রকম একটি দুর্ঘটনায় তাঁদের জন্য অনাকাঙ্ক্ষিত। রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ঈদের আগে এমন ঘটনা মেনে নেওয়া কষ্টকর।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, অতিরিক্ত যাত্রী ও বাতাসের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।