ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় রাহাতুন বেগম (৫২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাহাতুন বেগম ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত আকতার উদ্দিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, গতকাল রাহাতুন ও তাঁর আত্মীয় সখিনা বেগম কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ভিজিএফের কার্ড দিয়ে চাল সংগ্রহ করতে যান। চাল সংগ্রহ করে তাঁরা রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকায় একটি ট্রাক পেছন থেকে রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহাতুন বেগম নিহত হন। গুরুতর আহত হন সখিনা বেগম ও অজ্ঞাতপরিচয় রিকশাচালক। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও এর চালক নাসির শেখকে আটক করেছে।