লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের দেড় হাজার গরিব পরিবার ঈদের আগে বিশেষ বরাদ্দের (ভিজিএফ) চাল পায়নি। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে তালিকা অনুমোদন দেওয়া হচ্ছে না।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প কার্যালয় থেকে ঈদে গরিব ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করতে টংভাঙ্গা ইউপির কাছে দেড় হাজার গরিব ও দুস্থ পরিবারের তালিকা চাওয়া হয়। সে অনুযায়ী চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দেওয়া হয়। কিন্তু ওই তালিকা শেষ পর্যন্ত অনুমোদন দেয়নি উপজেলা প্রশাসন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ইউনিয়ন পরিষদের দেওয়া তালিকা নিয়ে আপত্তি ওঠায় তা এখনো অনুমোদন দেওয়া হয়নি।
ইউপি সূত্র জানায়, ভিজিএফের চাল বিতরণে পরিষদের দেওয়া তালিকার পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও একটি তালিকা জমা দেন পিআইও কার্যালয়ে। তালিকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এখনো চাল বিতরণ করা যাচ্ছে না।
আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান আতিয়ার রহমান প্রায় দুই যুগ ধরে টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কিন্তু চলতি বছরে হওয়া ইউপি নির্বাচনের আগে জাতীয় পার্টির সাবেক নেতা ও তৎকালীন ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন আওয়ামী লীগে যোগ দেন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নও পান। তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে আতিয়ার নির্বাচন করেন। আতিয়ারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। নির্বাচনে আতিয়ার চেয়ারম্যান পদে জয়লাভ করেন। সে কারণে এই দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়।
আতিয়ার রহমান বলেন, নিয়মানুযায়ী তালিকা প্রস্তুত করে ৯ সেপ্টেম্বর উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। ওই তালিকা অনুমোদন না পাওয়ায় ভিজিএফের বরাদ্দ তোলা যাচ্ছে না।
সেলিম হোসেন মুঠোফোনে বলেন, তিনি ওই কমিটির সদস্য নন। ইউপি সদস্যরা বিধি মোতাবেক তালিকা না হওয়ার অভিযোগ করেছেন। তাই চাল বিতরণ করা যাচ্ছে না।
হাতীবান্ধার দায়িত্বে থাকা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কতুবুল আলম বলেন, টংভাঙ্গা ইউনিয়নের ভিজিএফের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় ঈদের আগে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে কিছুদিনের মধ্যে উপজেলা সমন্বয় কমিটির বৈঠকে আলোচনা করে চাল বিতরণ করা হবে।