ভিজিএফের চাল পেলেন দুস্থরা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের সেই ১ হাজার ৩৩৯ জন দরিদ্র ও দুস্থদের মধ্যে অবশেষে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্দ পাওয়া ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে গতকাল রোববার এ চাল বিতরণ করা হয়।
৩ আগস্ট ‘ঈদের বরাদ্দের চাল, এখনো পাননি দুস্থরা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মাঘান সিয়াধার ইউনিয়নে ১৩ টন ৩৯০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদুল ফিতরের আগেই ওই ইউনিয়নের ২৮টি গ্রামের ওই ১ হাজার ৩৩৯টি অসহায় ও দরিদ্র পরিবারের প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। গত ২৮ জুন মাঘান সিয়াধার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা শামছুল আলমের নামে ডিও ছাড় দেওয়া হয়। কিন্তু কয়েকজন ইউপি সদস্য তালিকা তৈরি না করায় ও ইউপি চেয়ারম্যান মির্জা শামছুল আলম ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে থেকেই ঢাকায় অবস্থান করায় ওই চাল তখন বিতরণ করা হয়নি। এ কারণে এ নিয়ে দুস্থদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে গতকাল দুস্থদের ওই চাল দেওয়া হয়।
ওই ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণের তদারকির দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল কবীর বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই দুস্থদের ১০ কেজি করে চাল দেওয়া হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মির্জা শামছুল আলম বলেন, কয়েকজন ইউপি সদস্য তালিকা না দেওয়ায় ও তিনি ব্যস্ত থাকায় ঈদের আগে দুস্থদের ওই চাল দেওয়া সম্ভব হয়নি।