ভিজিএফের চাল বাড়িতে নিলেন ইউপি সদস্য!
বরগুনার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই জাহিদ খন্দকার ও চৌকিদার সাইফুল ইসলাম মিলে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে রাতে ভিজিএফের ১১ বস্তা চাল সরানোর সময় এলাকার লোকজন তা হাতেনাতে ধরে ফেলেন।
কিন্তু লোকজনের বাধা উপেক্ষা করে ইউপি সদস্য ৫৫০ কেজি ওজনের ওই ১১ বস্তা চাল তাঁর বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে চাল নেওয়ার সময় কদমতলা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আয়লা-পাতাকাটা ইউনিয়নে ভিজিএফের বিশেষ বরাদ্দে সাড়ে চার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চাল ইউনিয়ন পরিষদের গুদামে রাখা ছিল। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ইউপি সদস্য শহিদুল, চেয়ারম্যানের চাচাতো ভাই ও চৌকিদার মিলে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ১১ বস্তা চাল বের করে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন। এ সময় এলাকার লোকজন খবর পেয়ে চালসহ তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু শহিদুল ইসলাম লোকজনের বাধা উপেক্ষা করে জোর করে ওই চাল তাঁর বাড়িতে নিয়ে যান।
শহিদুল ইসলাম চাল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার নিজ ওয়ার্ডে লোকজনের মধ্যে বিতরণ করার জন্য আমি ওই চাল নিয়েছি। তবে রাতের অন্ধকারে নিলেন কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাতে নেওয়াটা ঠিক হয়নি। এটা আমার অপরাধ হয়েছে।’ এ বিষয়ে আয়লা-পাতাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আশফাকুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।