ভিজিএফের চাল বিক্রি চেয়ারম্যান অবরুদ্ধ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সারোয়ারের বিরুদ্ধে ভিজিএফের ১৩৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত শুক্রবার চেয়ারম্যানকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের এক হাজার ৬৯০ জন হতদরিদ্রের মধ্যে ৩৩৮ বস্তা চাল বিতরণের কথা। কিন্তু চেয়ারম্যান ১৩৮ বস্তা চাল গোপনে বিক্রি করে দেন। শুক্রবার সকালে ভিজিএফ কার্ডধারীরা ইউনিয়ন পরিষদে চাল নিতে গিয়ে পরিষদের গুদামে ২০০ বস্তা চাল দেখে উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা বিষয়টি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে লোকজন চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। এ সময় উপস্থিত লোকজন চেয়ারম্যানের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।খবর পেয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান ঘটনাস্থলে যান। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমানও ঘটনাস্থলে হাজির হন। পরে ১৩৮ বস্তা চাল উপজেলা সদরের নাগরবন্দর এলাকার ধান-চাল ব্যবসায়ী আলমগীর হোসেনের গুদাম থেকে ট্রাকে করে পরিষদে আনা হয়। সন্ধ্যায় চেয়ারম্যান জনগণের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। ব্যবসায়ী আলমগীর হোসেন দাবি করেন, তিনি ভিজিএফের চাল কেনার সঙ্গে জড়িত নন। অপর এক ব্যবসায়ীর অনুরোধে চেয়ারম্যানকে রক্ষা করতে তিনি চাল পাঠিয়েছেন।অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এক দিনে সব মানুষকে চাল দেওয়া সম্ভব নয় বলে চালগুলো পরিষদে নিয়ে আসিনি। নির্বাচনে ভোটে হেরে যাওয়া দুজন চেয়ারম্যান প্রার্থী আমাকে হেনস্তা করতে মিথ্যা কথা বলে মানুষকে উসকে দেয়।’