ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদের আগে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এদিকে গতকাল সোমবার অবশিষ্ট চাল বিতরণে বাধা দিয়েছেন যুবলীগের স্থানীয় এক নেতা।
কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, অন্তত ১৪৪ জন কার্ডধারীকে ঈদের আগে চাল দেওয়া হয়নি। এ ছাড়া অন্যদের ওজনে কম দেওয়া হয়েছে। ইউএনও গত রোববার সরেজমিনে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। তিনি গতকালের মধ্যেই বঞ্চিত দুস্থদের ২০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ দেন।
নির্দেশ অনুযায়ী বঞ্চিত দুস্থদের মাঝে গতকাল চাল বিতরণ করতে গেলে এতে বাধা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল কবীর।
এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা শফিউল কবীর প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান ঈদের আগে দুস্থদের চাল না দিয়ে অন্যায় করেছেন। এর বিচার হওয়া দরকার। এ জন্য চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াত নেতা শরিফুল আলম বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী শফিউল তাঁকে ফাঁসাতে ষড়যন্ত্রে নেমেছেন। আর বঞ্চিত দুস্থের সংখ্যা ১৪৪ নয়, মাত্র ৩৮। শফিউলের বাধার মুখে চাল বিতরণ করতে না পারার বিষয়টি তিনি ইউএনওকে অবহিত করেন।
ইউএনও ফরিদুর রহমান বলেন, ওই চাল ইউপি গুদামে মজুত আছে।