ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নে ওজনে কম দিয়ে ভিজিএফের চাল বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। কিন্তু অধিকাংশ কার্ডধারী পৌনে দুই থেকে দুই কেজি চাল কম পেয়েছেন।বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল ইসলাম ওরফে মুছা জানান, তাঁরা গুদাম থেকে প্রতি বস্তায় পাঁচ-ছয় কেজি করে চাল কম পেয়েছেন। ফলে কার্ডধারীদের পরিমাণের চেয়ে আধা কেজি করে চাল কম দেওয়া হয়েছে। চেয়ারম্যান উপস্থিত থেকে প্রতি কার্ডধারীকে দুই কেজি করে মাপে কম দেওয়ার প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাপে কম দেওয়ার বিষয়টি দেখব।’উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ অভিযোগ নাকচ করে বলেন, ‘চাল বুঝে নেওয়ার পর আপত্তি গ্রহণযোগ্য নয়। এ ছাড়া আমাদের কম দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, চট্টগ্রাম থেকে সঠিক মাপ দিয়ে প্রতি বস্তা ইনটেক করে দেয়। ইনটেক করা বস্তা মাপে কম দেওয়ার ক্ষমতা আমাদের নেই।’কার্ডধারী বৃদ্ধ গেন্দা আকন্দ, বিধবা স্বপ্না বেওয়া ও বিধবা ময়না বেওয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আপনারা না আসলে আমাদের (এই হতদরিদ্রদের) কথা কে শুনত। কাজেই মাপে দুই কেজি করে চাল কম নিয়েই বাড়ি ফিরে যেতে হতো। আমরা দোয়া করি, আল্লাহ আপনাদের বড় করুক।’মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও বালিজুড়ি বাজারের বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী মো. শওকত হোসেনের দোকানে কার্ডধারীদের চাল ওজন দেওয়ার সময় তিনিসহ অনেকেই বলেন, হতদরিদ্র বা গরিব লোকদের রিলিফের চাল দুই কেজি করে ওজনে কম দেওয়া ঠিক হয়নি।এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম মওলার মুঠোফোনে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, মাপে কম দেওয়ার প্রমাণ পেলে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।