ভিজিএফের চাল বিতরণে অনিয়ম পেলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে চাল বিতরণ কর্মসূচিতে গিয়ে হাতেনাতে তিনি এর প্রমাণ পান।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের তিন হাজার ৮৩২ জন দুস্থের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল সকাল থেকে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হয়। কিন্তু দুই থেকে আড়াই কেজি চাল কম দেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ইউএনও হাবিবুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনাস্থলে যান। পরে বিতরণ করা চাল মেপে ঘটনার সত্যতা পান। পরে তাৎক্ষণিকভাবে চাল বিতরণ বন্ধ রাখা হয়। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভুল স্বীকার করে সঠিকভাবে চাল বিতরণের প্রতিশ্রুতি দেন। পরে আবার চাল বিতরণ শুরু হয়।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউপি সদস্য লেহাজ উদ্দিন ও লোকমান হোসেন এই চাল বিতরণ করেছেন। তাঁরা চাল কম দিয়েছেন কি না আমার জানা নেই। তবে ইউএনও চাল পরিমাপ করে ঘটনার সত্যতা পান।’
ইউএনও হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।