ভিজিএফের টাকা ফড়িয়াদের পকেটে
দুস্থ ব্যক্তিদের ঠকিয়ে বগুড়ার শিবগঞ্জে ফড়িয়া ব্যবসায়ীরা ভিজিএফের চাল কম দামে কিনে নিয়েছেন। এ কারণে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র লোকজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে অতিদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার উপজেলায় ২৫ হাজার ১৪২টি কার্ডের বিপরীতে ২৫১ দশমিক ৪২০ টন চাল এবং পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ১৫ দশমিক ৪০০ টন চাল বরাদ্দ দেয়। প্রতিটি কার্ডের অনুকূলে উপকারভোগী ব্যক্তিরা বিনা মূল্যে ১০ কেজি করে চাল পান। ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে ও একটি পৌরসভায় এ চাল দেওয়ার কথা। অভিযোগ রয়েছে, হতদরিদ্র লোকজন চাল নেওয়া মাত্রই ইউনিয়ন পরিষদ চত্বরে বা আশপাশে থাকা ফড়িয়ারা বাজারমূল্যের থেকে কম দামে ওই চাল কিনে নেন। তাঁরা একজোট হয়ে দুস্থ ব্যক্তিদের কম দামে চাল বেচতে বাধ্য করছেন। বর্তমান বাজারে প্রতি কেজি চালের দাম ২২ টাকা হলেও ফড়িয়ারা তা কিনছেন ১১ থেকে ১২ টাকা কেজি দরে। এ কারণে কার্ডধারী প্রত্যেক ব্যক্তি ঠকেছেন কমপক্ষে ১০০ টাকা করে।মোকামতলা ইউনিয়নের পাশে চাল কিনতে দেখা যায় আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে। চাল নিয়ে বের হতেই তিনি তিনজন দুস্থ ব্যক্তির ব্যাগ টেনে ধরে দামদর করছেন। তিনি বলেন, ‘আমি তো অন্যায় কিছু করছি না। টাকা দিয়ে চাল কিনে নিচ্ছি।’ চাল বিক্রি করার বিষয়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আনোয়ারা বেগম (৪৫) জানান, ঈদের আগে ঘরে কোনো সেমাই-চিনি নেই। এ জন্য তিনি খাবারের চাল বিক্রি করে দিয়েছেন। ডেপচণ্ডী গ্রামের গোলাম মওলা (৫০) বলেন, ‘রিলিফের চাল হামরা খাবার পারি না। তাই বেচা দেই।’ কম দামে বিক্রির বিষয়ে আজিজার রহমান (৫০) বলেন, ফড়িয়ারা একজোট হয়েছেন। তাঁরা বাজারের চেয়ে কম দামে নিয়ে নিজেরা বেশি লাভ করছেন। মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারুফ হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের চত্বরে কোনো ফড়িয়া ব্যবসায়ী চাল কিনতে পারেননি। বাইরে গিয়ে কেনাবেচা করলে আমার আর কী বা করার আছে।’ পিআইও আবুল কালাম আজাদ বলেন, কোনো ফড়িয়া যেন চাল কিনতে না পারেন, সে জন্য চেয়ারম্যানদের আগেই বলে দেওয়া হয়েছিল।