ভিজিএফের নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) গত বৃহস্পতিবার ভিজিএফ কর্মসূচির আওতায় নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। কার্ডধারীরা এসব চাল নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।

ইউপি কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার নিকলী সদর ইউপির ৯৪০ জন কার্ডধারীর মধ্যে ১০ কেজি করে ৯ হাজার ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

ভিজিএফের চাল নিতে আসা কয়েকজন নারী বলেন, চাল পাওয়ার পর মেপে দেখা গেছে, ১০ কেজির স্থলে ৯ থেকে সাড়ে ৯ কেজি করে দেওয়া হচ্ছে। এসব চাল খাওয়ার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত। চালে ছোট ছোট পোকা হাঁটছে। তাঁরা এসব চাল গরু, মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য ব্যবসায়ীদের কাছে কম দামে বিক্রি করে দেন।

গবিন্দ্রপুর গ্রামের রহিমা আক্তার, সামসু উদ্দিন; কুর্শা গ্রামের সালেহা বেগম, আমেনা বেগম, নাজমা বলেন, ‘এই চাল বেচে পাওয়া কয়ডা টাকার সঙ্গে আর ১০০ টাকা মিলিয়ে ভালো দেখে ১০ কেজি চাল কিনব।’

চালের ক্রেতা গিয়াস উদ্দিন ও আলাল মিয়া বলেন, তাঁরা দুজনে প্রায় ৩৫০ জন কার্ডধারীর চাল কিনেছেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘আমি এই চাউল কিনি গরু, মুরগি ও মাছের খাদ্যের লাইগ্যা। ফিড কারখানাওয়ালারা ও ভৈরবের চাউল ব্যবসায়ীরা আমরার কাছ থেকে কিনন্যা নেয়।’

ওই ইউপিতে ভিজিএফের চাল বরাদ্দের কাজে নিয়োজিত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক বলেন, এসব চাল নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত হওয়ায় অনেকেই বিক্রি করে দেন।

নিম্নমানের চাল বিতরণের অভিযোগের বিষয়ে নিকলী সদর ইউপির চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, ‘চাতালমালিকেরা খাদ্যগুদামের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় নিম্নমানের চালের সঙ্গে কিছু নতুন চাল মিশিয়ে গুদামে দিয়ে দেন। এখানে আমাদের কিছু করার নেই। বালতি দিয়ে চাল দেওয়ার সময় আধা কেজি চাল এদিক-সেদিক হতে পারে।’

নিকলী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–এলএসডি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘নিকলী গুদামে চাল বা গম আসে ভৈরব খাদ্যগুদাম থেকে। বস্তায় ভালো কিংবা খারাপ চাল আছে কি না, তা আমাদের দেখার সুযোগ নেই।’