ভিজিএফের ১০ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঈদ উপলক্ষে দুস্থদের দেওয়া ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে আলম খাঁ নামের একজনকে পুলিশ গত বুধবার রাতে গ্রেপ্তার এবং ১০ বস্তা চাল জব্দ করেছে। স্থানীয় জাহাঙ্গীরসহ এলাকাবাসী জানান, শবে কদরের নামাজ পড়ে রাত দেড়টার দিকে মসজিদ থেকে ঘরে ফেরার সময় তাঁরা কয়েকজন দেখতে পান ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন খাঁ, তাঁর চাচা আলম খাঁ ও চাচাতো ভাই রিপন খাঁ ভিজিএফের চালের বস্তা দোকানে ঢোকাচ্ছেন। এ সময় তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে ওই দোকানে থেকে ১০ বস্তা চাল জব্দ করে। দোকানের মালিক আলম খাঁ তালাচাবি না দেওয়ায় পুলিশ প্রতিবেশী শাহীন হাওলাদার নামের একজনের তালাচাবি এনে দোকানে লাগিয়ে চলে যায়। রাত দুইটার দিকে আলম খাঁ জোর করে শাহীনের কাছে থাকা বাড়তি চাবি এনে দোকান খুলে চালের বস্তা সরাতে থাকেন। বিষয়টি শাহীন হাওলাদার ও স্থানীয় নৈশপ্রহরী আবদুল হালিম থানায় জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে আলম খাঁকে হাতেনাতে আটক করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী জানান, জব্দ করা চাল সরানোর চেষ্টার অভিযোগে আলম খাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ওই রাতেই কাউন্সিলরের কার্যালয় থেকেও আরও পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। ওয়ার্ড কাউন্সিলর লিটন খাঁ বলেন, ‘ওই পাঁচ বস্তা চালের মধ্যে আমার ওয়ার্ডের ৩০ জনের নামে ১০ কেজি করে ৩০০ কেজি চাল রয়েছে। বাকি চাল কাউন্সিলর আবদুল মালেক কাজীর। তবে আলম খাঁর দোকান থেকে জব্দ করা আট বস্তা চাল আমার নয়।’পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হাওলাদার বলেন, গতকাল সকালে সরেজমিনে খোঁজ নিয়ে কাউন্সিলরের কার্যালয়ে জব্দ করা পাঁচ বস্তা চাল কাউন্সিলরকে ফেরত দেওয়া হয়েছে। তবে বিতরণ না করা চাল গুদামে না রেখে কেন তাঁর কার্যালয়ে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখতে পুলিশকে বলা হয়েছে।