ভিজিএফের ১৩ মণ চাল উদ্ধার
ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১৩ মণ চাল উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরে সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার একটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সূধা রানী মণ্ডল তাঁর নির্বাচনী এলাকা গোয়ালপোতায় ৫২টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ভিজিএফের ১৩ মণ চাল গত শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করেন। কোরবানির ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে পরিবারপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণের কথা ছিল। কিন্তু সূধা রানী মণ্ডল এ চাল গোয়ালপোতায় না নিয়ে সন্ধ্যায় তাঁর দেবর ললিত মোহন মণ্ডল ও প্রতিবেশী দুলাল মণ্ডলের মাধ্যমে মাস্টারপাড়ায় নিখিল চন্দ্র মল্লিকের বাসায় রাখেন।চাল বহনকারী ভ্যানের চালক হাবিবুল্লাহ জানান, তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন। স্থানীয়দের মাধ্যমে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুকেশ চন্দ্র বিশ্বাসকে জানানো হলে তিনি ওই চাল আটকের নির্দেশ দেন। জেলা ত্রাণ কর্মকর্তার পক্ষে অফিস সহকারী রফিকুল ইসলাম ওই বাড়ি থেকে ১৩ মণ চাল উদ্ধার করেন।নিখিল চন্দ্র মল্লিকের স্ত্রী স্বরজু মল্লিক বলেন, আত্মীয়তার সুবাদে সূধা রানী মণ্ডল তাঁর লোক মারফত শনিবার কয়েকটি বস্তায় ১৩ মণ চাল তাঁদের বাসায় রাখেন। এগুলো ত্রাণের চাল কি না তা তিনি জানতেন না।ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আকবর কবির জানান, ওই নারী সদস্যের চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে সরিয়ে রাখার বিষয়টি দুঃখজনক।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আত্মসাতের উদ্দেশ্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।