ভিজিডি কার্ড জালিয়াতি করে চাল আত্মসাৎ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকলেও ভুক্তভোগী নারীদের ভিজিডি কার্ড দেওয়া হয়নি। গত তিন মাস ধরে তাঁদের ছবি বদল করে চাল উত্তোলন করা হচ্ছে।জালিয়াতির বিষয়টি জানতে পেরে তালিকাভুক্ত নারীরা চেয়ারম্যানের কাছে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। গতকাল সোমবার সকালে ভুক্তভোগী নারীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চামরুলের কাথহালী মধ্যপাড়ার ফাহিমা বিবি (৩৪), ভালী গ্রামের সাজেদা বিবি (৩২) ও কাথহালী দক্ষিণপাড়ার ডলি বিবি (৩৫) এ ব্যাপারে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, ভিজিডি কার্ড দেওয়া নিয়ে তিন মাস আগে ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন তাঁদের জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) ও ছবি নেন। পরে চেয়ারম্যান তাঁদের প্রত্যেকের কাছে এক হাজার টাকা করে দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁদের কোনো কার্ড দেননি চেয়ারম্যান। গত মাসে চাল বিতরণের দিন ইউপি কার্যালয়ে গেলে তালিকায় তাঁদের নাম নেই বলে জানানো হয়। চেয়ারম্যান ও মেম্বার মিলে ছবি বদল করে অন্যদের নামে এ চাল তুলেছেন বলে তাঁরা অভিযোগ করেন। লিখিত অভিযোগ করা হলে ভবিষ্যতে তালিকা করার সময় তাঁদের নাম রাখা হবে না বলে হুমকি ও ভয়ভীতি দেখান চেয়ারম্যান। তবে এলাকার কয়েকজন নারী টাকার বিনিময়ে ভিজিডি কার্ড পাওয়ার বিষয়টি জানিয়েছেন।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে সরেজমিনে দুস্থ ব্যক্তিদের বাছাই করে তালিকা করা হয়। ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে উপজেলার চামরুল ইউনিয়নে ৩০৭ জন নারী ভিজিডির চাল পাচ্ছেন। তালিকায় ওই ভুক্তভোগী নারীদের নাম রয়েছে।ইউপির ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন আকন্দ মুঠোফোনে বলেন, ‘কয়েকজন নারী ভিজিডির চাল পাননি, এ কথা সত্য। আমার তালিকার মধ্যে ওই নারীরা নেই। তবে চেয়ারম্যান সাহেবের তালিকায় তাঁদের নাম রয়েছে।’চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ভিজিডির তালিকা তৈরিতে নারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। ছবি ওলটপালট হয়ে এ ঘটনা ঘটেছে। সামনের মাসে চাল দেওয়ার আগে কার্ড সংশোধন করা হবে।ভিজিডি তদারককারী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেঞ্চদ বলেন, ‘কার্ড জালিয়াতি করে চাল নেওয়ার কথা শুনেছি। আমার দায়িত্ব কার্ড মোতাবেক নির্দিষ্ট দিনে ঠিকমতো চাল বিতরণ করা হচ্ছে কি না, তা দেখা।’উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তবে হরতালের কারণে অফিস থেকে বের হতে পারছি না। চেয়ারম্যান অনিয়ম করে থাকলে তিন কিস্তির চাল ভুক্তভোগী নারীদের দেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, তদন্ত করে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।