ভিজিডি কার্ডধারীদের তালিকা যাচাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের নামের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এবং প্রকৃত দুস্থদের এই কর্মসূচির আওতায় আনার জন্য উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করেছে।

গতকাল উপজেলার গড়াডোবা ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাইয়ের এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে ওই ইউনিয়নের তালিকা যাচাই-বাছাই করেন।

এর আগে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের তালিকা তৈরিতে নানা দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সব ইউনিয়নের কার্ডধারীদের নামের তালিকা উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল। যাচাই-বাছাইয়ের পর ভিজিডির কার্ডধারীদের তালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।

উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় আগামী দুই বছর (২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) উপজেলার ১৩টি ইউনিয়নে ১ হাজার ৬২৫টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো দুস্থদের মধ্যে বিতরণের জন্য ইউনিয়ন পর্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশির ভাগ ইউনিয়ন থেকে উপকারভোগীদের নামের তালিকা প্রস্তুত করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে। এ অবস্থায় এসব তালিকা চূড়ান্তভাবে অনুমোদনের আগে ওই তালিকা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, ভিজিডির সুবিধাভোগীদের নামের তালিকায় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়েছে কি না তা খুঁজে বের করতে মাঠপর্যায়ে গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে গিয়ে এ তালিকা যাচাই-বাছাই করা হবে।