ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্যরা গত রোববার চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জেকের আলী জানান, ইউনিয়নের সব ইউপি সদস্য বিধি অনুযায়ী ভিজিডি কার্ডের তালিকা করে চেয়ারম্যানের কাছে জমা দেন। কিন্তু চেয়ারম্যান প্রকৃত দুস্থদের বাদ দিয়ে তাঁর পছন্দমতো ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করেন। ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ আলী জানান, ইউনিয়নে ভিজিডি কার্ড পাবেন ২৫৪ জন। চেয়ারম্যান এর মধ্যে অর্ধেক তাঁর পছন্দের লোকের নাম অন্তর্ভুক্ত করার দাবি করেন। তবে ইউপি সদস্যরা চার ভাগের এক ভাগ নাম চেয়ারম্যানকে দিতে রাজি হন। চেয়ারম্যান এই প্রস্তাবে রাজি না হয়ে ইউপি সদস্যদের দেওয়া তালিকা থেকে নাম বাদ দিয়ে তাঁর ইচ্ছামতো নাম অন্তর্ভুক্ত করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাতজন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। চেয়ারম্যান রওশন আলী বলেন, ‘ইউপি সদস্যরা প্রত্যেকের কাছ থেকে তিন-চার হাজার টাকা করে নিয়ে তালিকা তৈরি করেছেন। তাঁরা আমাকে দেড় লাখ টাকা নিয়ে তাঁদের দেওয়া তালিকা পাস করার প্রস্তাব দেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করেন।’ তবে ইউপি সদস্যরা চেয়ারম্যানের এই অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও আহসান হাবিব জানান, ওই ইউনিয়নের সদস্যরা রোববার চেয়ারম্যানে বিরুদ্ধে তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দিনই তদন্ত করে চেয়ারম্যান ও সদস্যদের কিছু অনিয়ম পাওয়া গেছে।